জাতীয়

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আসছে নতুন বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বিলুপ্ত হতে যাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করতে র‍্যাবের স্থলাভিষিক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এই বাহিনী গঠনের রূপরেখা চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়াটির ওপর এখন সর্বসাধারণের মতামত নেওয়া হচ্ছে।

 

প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর অধীন গঠিত র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে বাংলাদেশ পুলিশের অধীন নতুন একটি ইউনিট গঠন করা হবে। বাহিনীটির নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের আইনি বৈধতা দিতেই এই নতুন আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

প্রস্তাবিত আইন অনুযায়ী, নতুন এই বিশেষায়িত ইউনিটের জন্য সরকার নির্ধারিত একটি স্বতন্ত্র প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে। বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত এসআরবি-র নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক (ডিজি)। বাহিনীর মূল সদর দফতর ঢাকায় থাকলেও, প্রয়োজন অনুযায়ী দেশের যেকোনো স্থানে ইউনিট, ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশন স্থাপন করার আইনি সুযোগ রাখা হয়েছে।

 

এসআরবি-তে কেবল পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে নিয়োগ দেওয়া যাবে। প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কিত আইনের শর্তসাপেক্ষে সশস্ত্র বাহিনীর সদস্যরাও এই ইউনিটে প্রেষণে বা অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পাবেন। প্রস্তাবিত আইনে প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম দুই বছর নির্ধারণ করার কথা বলা হয়েছে।

 

জনসাধারণের মতামত সংগ্রহের পর আইনটির খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। মন্ত্রিসভার বৈঠকে আলোচনার মাধ্যমে এতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন হতে পারে। সেখানে অনুমোদন পাওয়ার পর আইনটি চূড়ান্তভাবে পাসের জন্য জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে।

 

উল্লেখ্য, ২০০৪ সালে দেশের শীর্ষ সন্ত্রাসী, দাগী অপরাধী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গঠন করা হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর সেই বাহিনীর অধ্যায় শেষ করে নতুন আঙ্গিকে এসআরবি গঠনের এই প্রক্রিয়া শুরু হলো।

 

ডিবিসি/এমএনকে

 

আরও পড়ুন