বাংলাদেশের সংগীত ভুবনের অনন্য দীপশিখা ও উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই বরেণ্য শিল্পীকে জাতীয়ভাবে সম্মানিত করা হবে।
একই আয়োজনে অনুষ্ঠিত হবে তাঁর একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানটি থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
সংশ্লিষ্টরা জানান, রুনা লায়লা তাঁর অনন্য শিল্পসাধনা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠের সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, যে কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, এবং যাঁরা আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে অসামান্য অবদান রেখেছেন, তাঁদের সম্মান জানানো মানে একটি জাতির সাংস্কৃতিক স্মৃতিকেই সম্মানিত করা। এই কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তাঁর ঐতিহাসিক অবদানকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডিবিসি/এসএস