বিশ্বকাপ শুরুর ঠিক আগ মূহুর্তে ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি। ফলে তার শারীরিক অবস্থা নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র ১৭ দিন বাকি, তখন মেসির এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।
স্থানীয় সময় রোববার (২৪ মে) রাতে বৃষ্টিভেজা আবহাওয়ায় অনুষ্ঠিত এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের ৭৩তম মিনিটে একটি ফ্রি-কিক নেওয়ার পর হঠাৎ নিজের পায়ের পেছনের অংশ চেপে ধরেন মেসি। এরপর বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। কিছুক্ষণ পর নিজেই মাঠ ছেড়ে সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।
তবে ইন্টার মায়ামির পক্ষ থেকে তার চোটের ধরন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে ছিলেন। ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে করেছেন ১৩ গোল, সঙ্গে রয়েছে ৭টি অ্যাসিস্ট। এমএলএসে টানা দুইবারের পর চলতি মৌসুমেও সেরা পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।