খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপের ট্রফি বিক্রি করে সমালোচনার মুখে ফরাসি ফুটবলার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্দি। এবার ফিফার কাছ থেকে পাওয়া বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল প্রতিকৃতি (রেপ্লিকা) নিলামে বিক্রি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ফরাসি ডিফেন্ডার।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিন–এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট–২’-এ ট্রফিটির প্রতিকৃতি বিক্রির জন্য তোলেন মেন্দি। শেষ পর্যন্ত এটি বিক্রি হয় ৬২ হাজার মার্কিন ডলারে (প্রায় ৫৪ হাজার ইউরো)।

 

বিশ্বকাপজয়ের স্মারক বিক্রির সিদ্ধান্তে ফুটবলপ্রেমী ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের অবস্থান স্পষ্ট করেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

 

সমালোচকদের উদ্দেশে মেন্দি বলেন, ‘এই ট্রফিটা কি আমার, নাকি আপনাদের? এটা আমার সম্পত্তি। তাই আমি এটি নিয়ে কী করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়।’

এরপর কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি যোগ করেন, ‘আলমারিতে ট্রফিটা শুধু অযথাই জায়গা দখল করে ছিল!’ এমনকি ভবিষ্যতে নিজের সংগ্রহে থাকা অন্য শিরোপার স্মারকও বিক্রি করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

 

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে রেকর্ড ৫৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন মেন্দি। সে সময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। সিটির হয়ে ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে চারটি প্রিমিয়ার লিগসহ মোট আটটি শিরোপা জেতেন তিনি। ফ্রান্স জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ১০টি ম্যাচ।

 

তবে ২০২১ সালে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তার ক্যারিয়ার বড় ধাক্কা খায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২৩ সালের জুলাইয়ে আদালতে সব অভিযোগ থেকে খালাস পান তিনি।

 

দুই বছরের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ফরাসি ক্লাব লরিয়েঁর হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন মেন্দি। পরে সুইজারল্যান্ডের ক্লাব জুরিখে খেলেন। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন শেচচিন-এর হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।

 

ডিবিসি/আরএফই

আরও পড়ুন