হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি আবার নিজেদের দখলে নিয়েছে ব্রাজিল। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানিকে টপকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চলতি ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭টি, যা জার্মানির ২৩২ গোলের চেয়ে পাঁচটি বেশি ছিল। তবে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর জার্মানি তাদের টপকে যায়। নিজেদের পরের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯-এ নিয়ে গিয়েছিল।
তবে আজ ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। মাতেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলের ওপর ভর করে ৩-০ ব্যবধানের স্বস্তির এক জয় পায় তারা। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১টিতে। ফলে জার্মানির চেয়ে দুই গোলে এগিয়ে থেকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবার শীর্ষে উঠে এলো ব্রাজিল।
এই জয়ের ফলে গোল ব্যবধানে গ্রুপ ‘সি’-র পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল, যেখানে তারা পেছনে ফেলেছে মরক্কোকে। আগামী ২৪ জুন মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরের ম্যাচে লড়বে আইভরি কোস্টের বিপক্ষে।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কেবল ব্রাজিল ও জার্মানিই দুই শতাধিক গোল করার মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা অনেকটাই পিছিয়ে রয়েছে। এছাড়া সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ পাঁচটি দল হলো যথাক্রমে ব্রাজিল (২৪১ গোল), জার্মানি (২৩৯ গোল), আর্জেন্টিনা (১৫২ গোল), ফ্রান্স (১৩৬ গোল) এবং ইতালি (১২৮ গোল)।
ডিবিসি/টিবিএ