মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। লড়াইটা ফুটবল বিশ্বকাপের মঞ্চেই হোক আর মাঠের বাইরে, ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ সবসময়ই জমজমাট। তবে ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে এবার জার্সির ফ্যাশন ও নান্দনিকতার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনা। বৈশ্বিক এক র্যাংকিংয়ে সেরা ১০টি জার্সি বা কিটের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ব্রাজিলের চেয়ে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
১. উরুগুয়ের অ্যাওয়ে কিট (নাইকি):

সবাইকে ছাড়িয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে উরুগুয়ের স্বতন্ত্র ও কালচে নীল রঙের অ্যাওয়ে কিট। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপজয়ী দলটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি তৈরি। এর গলায় নীল ও উজ্জ্বল কমলা রঙের একটি ঝিলমিলে চাদর রয়েছে, যা প্রাচীন আদিবাসী বর্মের মতো দেখতে এবং এটি ২০২৬ সালের দলের পৈতৃক সিংহাসন রক্ষার আকাঙ্ক্ষার এক চাক্ষুষ রূপক।
২. জাপানের অ্যাওয়ে কিট (অ্যাডিডাস):

রেট্রো বেসবল জার্সির স্টাইলিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি অফ-হোয়াইট শার্টটি বাজারে আসার সাথে সাথেই বিক্রি হয়ে গেছে। এর কিনারায় ১২টি রামধনু রঙের পিনস্ট্রাইপ রয়েছে, যার ১১টি মাঠে থাকা দল এবং ১২তম লাল স্ট্রাইপটি বৃহত্তর জাপানি ফুটবল পরিবারকে বোঝায়।
৩. ফ্রান্সের অ্যাওয়ে কিট (নাইকি):

বিশ্বকাপের পোশাক তৈরিতে ফরাসীদের জুড়ি মেলা ভার। তাদের অ্যাওয়ে জার্সিটির রঙ পুদিনার মতো সবুজ (ভারডিগ্রিস)। এই রঙটি স্ট্যাচু অফ লিবার্টির তামার আবরণ থেকে অনুপ্রাণিত, যা ফ্রান্স একসময় যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল।
৪. কুরাকাও অ্যাওয়ে কিট (অ্যাডিডাস):

কিট সংগ্রাহকদের কাছে অন্যতম আকর্ষণ কুরাকাও-এর এই লেবু-হলুদ অ্যাওয়ে শার্ট। ক্যারিবিয়ান দ্বীপের রাজধানী উইলেমস্টাডের জলপথের ধারে অবস্থিত রঙিন ভবনগুলো থেকে অনুপ্রাণিত হয়ে প্যাস্টেল গোলাপী, ফিরোজা এবং কমলা রঙের ছোঁয়ায় এক স্বপ্নময় অনুভূতি তৈরি করা হয়েছে এতে।
৫. মার্কিন যুক্তরাষ্ট্র হোম কিট (নাইকি):

১৯৯৪ সালে শেষবার যখন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আয়োজন করেছিল, সেই গৌরবময় দিনগুলোর স্মৃতিচারণে তৈরি লাল-সাদা ডোরাকাটা নকশার জার্সি। ডোরাগুলোতে দেওয়া চমৎকার ঢেউয়ের মতো নকশাটি বাতাসে ওড়া মার্কিন পতাকার মৃদু দোলকে ফুটিয়ে তোলে।
৬. মেক্সিকো হোম কিট (অ্যাডিডাস):

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে মেক্সিকোর পরা বিখ্যাত অ্যাজটেক নকশার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবারের জার্সিটি। সমসাময়িক এই পুনর্নির্মাণটিতে বিখ্যাত অ্যাজটেক ভাস্কর্য ‘পিয়েদ্রা দেল সোল’-এর একটি ছাপ রয়েছে।
৭. আর্জেন্টিনা অ্যাওয়ে কিট (অ্যাডিডাস):

ব্রাজিলকে পেছনে ফেলে তালিকার সাত নম্বরে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার অনন্য এই অ্যাওয়ে কিট। কালো রঙের শার্ট জুড়ে হালকা নীল রঙের লতাপাতা ও পাতার সমারোহ রয়েছে, যা বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘ফিলেতেয়াদো পোর্তেনিয়ো’ লোকশিল্প শৈলী থেকে অনুপ্রাণিত।
৮. ব্রাজিল হোম কিট (নাইকি):

পেলে, জাইরজিনহোদের ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলটির স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ব্রাজিলের এই ক্যানারি হলুদ জার্সি। কলার এবং কাফে গাঢ় সবুজ রঙের ট্রিম রয়েছে। তবে কাপড়ের জ্যামিতিক হীরার নকশাটি জাতীয় পতাকার বিমূর্ত রূপ হলেও র্যাংকিংয়ে এটি আট নম্বরেই সন্তুষ্ট থাকছে।
৯. বেলজিয়ামের অ্যাওয়ে কিট (অ্যাডিডাস):

বেলজিয়ামের জাতীয় ফেডারেশনের প্রতীক এবং দেশের পরাবাস্তববাদী শিল্পী রেনে মাগ্রিতের ১৯২৮ সালের শিল্পকর্ম 'La Voix des Airs' থেকে অনুপ্রাণিত এটি। প্যাস্টেল গোলাপী ও নীল রঙের বিমূর্ত গ্রাফিকের এই নকশাটি অত্যন্ত চমৎকার।
১০. স্পেনের অ্যাওয়ে কিট (অ্যাডিডাস):

গাঢ় ক্রিম রঙের ভিত্তির ওপর সাধারণ মেরুন এবং উজ্জ্বল সোনালি কারুকার্যের এই জার্সিতে রয়েছে এক সুস্পষ্ট আভিজাত্য। প্রাচীন স্প্যানিশ সাহিত্যিক পাণ্ডুলিপি অলঙ্কৃত করতে ব্যবহৃত স্বর্ণপত্রের কারুকার্য থেকে নেওয়া হয়েছে এর অলঙ্কৃত পেঁচানো লতাপাতার নকশা।
সূত্র: ইএসপিএন
ডিবিসি/পিআরএএন