উত্তর আমেরিকায় আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে অনেক তরুণ তারকা উজ্জ্বল পারফর্ম দেখালেও বেশ কয়েকজন বিশ্বখ্যাত ফুটবলার চরম হতাশা উপহার দিয়েছেন। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ায় বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ‘ব্লিচার রিপোর্ট’ টুর্নামেন্টের সবচেয়ে হতাশাজনক একাদশ প্রকাশ করেছে। এই ফ্লপ একাদশের আক্রমণভাগের দায়িত্বের পাশাপাশি অধিনায়ক বানানো হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। অন্যদিকে দলের কোচের দায়িত্বে রাখা হয়েছে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজকে, যার অধীনে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল।
সংবাদ মাধ্যমটির নির্বাচিত ফ্লপ একাদশের গোলপোস্ট সামলানোর দায়িত্বে রাখা হয়েছে জার্মানির ম্যানুয়েল ন্যয়ারকে, যিনি অবসর ভেঙে দলে ফিরেও কুরাসাও ও আইভরি কোস্টের বিরুদ্ধে গোল খাওয়া এবং গ্রুপ পর্বে ভুল সিদ্ধান্তের খেসারত দিয়েছেন। চার সদস্যের রক্ষণভাগে স্থান পেয়েছেন ইংল্যান্ডের রাইট-ব্যাক রিস জেমস, যিনি ফিটনেসজনিত কারণে ৭২০ মিনিটের মধ্যে মাত্র ৩১৮ মিনিট খেলতে পেরেছেন। তাঁর সাথে আছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালেস, যাঁর ডিফেন্সিভ ভুলের কারণেই নরওয়ের আর্লিং হালান্ড সহজ হেডারে গোল করে ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেন। রক্ষণভাগের বাকি দুজন হলেন জার্মানির জোনাথন তাহ, যিনি চার ম্যাচে একটিও ক্লিন শিট রাখতে পারেননি এবং পেনাল্টি মিস করে দলের বিদায় নিশ্চিত করেছেন, এবং ফ্রান্সের লুকাস দিগনে, যিনি সেমিফাইনালে লামিনে ইয়ামালকে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছিলেন।
মিডফিল্ডে স্থান পাওয়া উরুগুয়ের ফেদে ভালভের্দে কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে মতবিরোধের গুঞ্জন ও দলীয় ট্যাকটিকসের কারণে নিজের সেরা ফর্ম খুঁজে পাননি। পিএসজির হয়ে উজ্জ্বল থাকলেও রোনালদোকেন্দ্রিক পর্তুগাল দলে নিজের স্বভাবজাত পাসিং ও নিয়ন্ত্রণ দেখাতে ব্যর্থ হয়েছেন ভিতিনহা। আর সুযোগ পেয়েও এলোমেলো শট ও ভুল সিদ্ধান্তের কারণে আক্রমণে কোনো ধার তৈরি করতে পারেননি জার্মানির লেরয় সানে।
আক্রমণভাগে রোনালদোর সঙ্গী হিসেবে রয়েছেন আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে ও ইংল্যান্ডের ননি মাদুয়েকে। প্রচুর পরিশ্রম করলেও গোল করার মূল দক্ষতায় পিছিয়ে ছিলেন দিওমান্দে, অন্যদিকে বুকায়ো সাকার বদলি হিসেবে নেমে ৫টি ম্যাচ খেললেও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি মাদুয়েকে। পর্তুগাল দল সম্পূর্ণ তাঁর ওপর ভর করে খেললেও অধিনায়ক রোনালদোর ঝুলিতে এসেছে মাত্র ৩টি গোল। সামগ্রিকভাবে ম্যানুয়েল ন্যয়ারকে গোলকিপার; রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালেস, জোনাথন তাহ ও লুকাস দিগনেকে ডিফেন্ডার; ফেদে ভালভের্দে, ভিতিনহা ও লেরয় সানেকে মিডফিল্ডার এবং ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে আক্রমণভাগে রেখে রবার্তো মার্টিনেজের পরিচালনায় এই একাদশটি সাজানো হয়েছে।
ডিবিসি/এফএইচআর