২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়ার হয়ে মাঠে নেমেছিলেন মাইকেল বাবাতুন্দে। সেই ম্যাচে আহমেদ মুসার গোলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই নাইজেরিয়ান মিডফিল্ডার। এক যুগ পর সেই বাবাতুন্দেকেই দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে।
২০২৬-২৭ মৌসুমে আবাহনী লিমিটেডের জার্সিতে খেলবেন মাইকেল বাবাতুন্দে। বৃহস্পতিবার সন্ধ্যায় টি-স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ফুটবল ম্যানেজার শহীদ উদ্দীন স্বপন।
২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নাইজেরিয়ার শুরুর একাদশে ছিলেন বাবাতুন্দে। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে এক মিনিট পরই আহমেদ মুসার গোলে সমতায় ফেরে নাইজেরিয়া। সেই গোলের পেছনে সরাসরি অবদান ছিল বাবাতুন্দের। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি ৩-২ গোলে হেরে যায় নাইজেরিয়া।
২০১৩ সালে নাইজেরিয়া জাতীয় দলে অভিষেক হয় বাবাতুন্দের। একই বছর কনফেডারেশনস কাপেও খেলেন তিনি। ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে তিনটি ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন মোট ১৩টি ম্যাচ।
আবাহনীর বিদেশি নির্ভরতা
নতুন মৌসুমের দল গড়তে এবারও নাইজেরিয়ান ফুটবলারদের ওপর বড় আস্থা রেখেছে আবাহনী। আসন্ন লিগে সর্বোচ্চ চারজন বিদেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ থাকায় বাবাতুন্দের পাশাপাশি আরও তিন নাইজেরিয়ানকে দলে ভিড়িয়েছে ধানমন্ডির ক্লাবটি।
তারা হলেন অ্যান্থনি ওকাচি, চিনেদু ম্যাথু ও সানডে আফলোবি। এর মধ্যে চিনেদু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত। এর আগে ফরাশগঞ্জ, চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, শেখ জামাল ও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন তিনি।
দলবদলের শুরুতে ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা নিয়ে জটিলতায় পড়েছিল আবাহনী। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে এখন কোচ মারুফুল হকের অধীনে নতুন মৌসুমের দল সাজাচ্ছে ক্লাবটি।
বিদেশি কোটা পূরণ হয়ে গেলেও সার্ক অঞ্চলের খেলোয়াড় নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আবাহনী। আগামী ৩ সেপ্টেম্বর শেষ হবে দলবদল।
আবাহনীর ফুটবল ম্যানেজার শহীদ উদ্দীন স্বপন বলেন, “বিদেশি কোটার চারজন নেওয়া শেষ। এখন আমরা চেষ্টা করব সাফ অঞ্চল থেকে কিছু খেলোয়াড় নিতে। এখন পর্যন্ত যেমন দল হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আপনারা জানেন, আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজায়। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা লিগে ও টুর্নামেন্টে ফাইট দেব, ইনশাআল্লাহ।”
বিশ্বকাপ খেলা এক তারকার বাংলাদেশে আগমন আবাহনীর নতুন মৌসুমের দল গঠনে তাই বাড়তি নজর কাড়ছে মাইকেল বাবাতুন্দের নাম।
ডিবিসি / আরএফই