২০২৬ উত্তর আমেরিকা ফুটবল বিশ্বকাপে কোনো ধরনের ম্যাচ ফিক্সিং বা সন্দেহজনক জুয়া খেলার (বেটিং) প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শেষ হওয়ার পর নিজেদের গঠিত 'ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স'-এর বিস্তারিত পর্যালোচনা শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (১৯ জুলাই) ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয় এবারের বিশ্বকাপ। তবে টুর্নামেন্টজুড়ে বেশ কয়েকটি ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়া মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের বরখাস্ত করার দাবি তুলেছিল।
এসব বিতর্কের প্রেক্ষিতে এফবিআই (FBI), ইন্টারপোল (INTERPOL), জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’ এবং ‘কাউন্সিল অব ইউরোপ’-এর মতো শীর্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স পুরো টুর্নামেন্টের সব ম্যাচ পরীক্ষা-নিরীক্ষা করে।
পর্যালোচনা শেষে ফিফা তাদের বিবৃতিতে জানায়, ‘টুর্নামেন্টজুড়ে সংগৃহীত ও বিশ্লেষণ করা তথ্যের ভিত্তিতে বলা যায়, কোনো ম্যাচেই কোনো প্রকার সন্দেহজনক বেটিং বা ম্যাচ ম্যানিপুলেশনের আলামত পাওয়া যায়নি।’
সু্এ: টুকো
ডিবিসি/এএইচডি