ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার (২৪ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা বলবৎ থাকবে। নির্দেশনা অনুযায়ী, শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো দিয়ে সাধারণ যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট গাড়িগুলো এই নিয়ন্ত্রণের আওতার বাইরে থাকবে। এর মধ্যে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি এবং সরকারি যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী যান এবং অনলাইন শপিংয়ের ডেলিভারি বাহনও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে পরবর্তীতে নির্দেশনায় পরিবর্তনও আনা হবে।
ডিবিসি/আরএসএল