খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপ জিতলে বোনাসের বন্যা, সবাইকে ছাড়িয়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার গৌরব তো আছেই, সাথে যুক্ত হচ্ছে অবিশ্বাস্য অঙ্কের আর্থিক পুরস্কার। আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে প্রাইজমানি হিসেবে পাবে বিশাল অংকের ৫ কোটি মার্কিন ডলার।

তবে কেবল ফিফার পুরস্কারেই শেষ নয়; বিশ্বজয়ের মিশন সফল করতে নিজেদের ফুটবলারদের জন্য লোভনীয় বোনাসের ঘোষণা দিয়ে রেখেছে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনও। আর এই বোনাসের দৌড়ে সবাইকে ছাড়িয়ে সবার শীর্ষে অবস্থান করছে সেলেসাওরা।


রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশন সফল করতে পারলে ব্রাজিলের প্রত্যেক ফুটবলার পাবেন ১০ লাখ মার্কিন ডলার (যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ডের সমান)। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত বোনাস।


বোনাসের দিক থেকে ব্রাজিলের ঠিক পেছনেই অবস্থান করছে থ্রি-লায়ন্সরা। ইংল্যান্ডের ২৬ সদস্যের স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড় বিশ্বকাপ জিততে পারলে পকেটে পুরবেন ৫ লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৭ কোটি টাকা) বেশি।


সব মিলিয়ে পুরো দলের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বাজেট প্রায় ১৮২ কোটি টাকা। তবে সবচেয়ে বড় জ্যাকপট অপেক্ষা করছে দলের মাস্টারমাইন্ড, কোচ টমাস টুখেলের জন্য। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে পারলে তার জন্য কয়েক মিলিয়ন পাউন্ডের মেগা বোনাস বরাদ্দ রেখেছে এফএ।
ইউরোপের বাকি দেশগুলোও তাদের খেলোয়াড়দের চাঙ্গা রাখতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা করেছে:


স্পেন: স্প্যানিশ ফুটবলারদের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে নিশ্চিত হবে ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ট্রফি জিতলে সেই অঙ্ক ধাপে ধাপে বেড়ে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে।


ফ্রান্স: ফরাসি ফুটবলারদের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড।


বেলজিয়াম: পারফরম্যান্স ও ধাপভেদে বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত।


জার্মানি: তাদের বোনাসের পরিমাণ এখনো চূড়ান্ত না হলেও জার্মানি ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, ২০১৪ বিশ্বকাপ জয়ের সময় দেওয়া ২ লাখ ৫০ হাজার পাউন্ডের চেয়ে এবার বোনাসের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেশি হবে।


আর্থিক পুরস্কারের পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশের সংস্কৃতি কিছুটা ভিন্ন। সেনেগাল, আইভরি কোস্ট ও মরক্কোর মতো দেশগুলোতে বিশ্বকাপ জয়ের মতো বড় সাফল্যের জন্য ফুটবলারদের কেবল নগদ অর্থই দেওয়া হয় না, বরং দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় মূল্যবান বাড়ি ও জমি।


মাঠের লড়াই শুরুর আগেই বোনাসের এই জমজমাট হিসাব-নিকাশ ফুটবলারদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে, তা বলাই বাহুল্য।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন