আন্তর্জাতিক, ফুটবল

বিশ্বকাপ থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মাথায় ডাচ রেফারির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে পুলিশি তদন্তের কারণে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার কয়েক সপ্তাহের মাথায় ডাচ রেফারি রব ডাইপারিঙ্ক মারা গেছেন। টুর্নামেন্টে তাকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে নির্বাচিত করা হলেও গত মে মাসে ফিফা তাকে তালিকা থেকে বাদ দেয়। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

গত এপ্রিলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ ৩৮ বছর বয়সী এই রেফারিকে গ্রেপ্তার করেছিল। তবে প্রমাণের অভাবে পরবর্তীতে মামলাটি বাতিল করা হয়।

 

নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) ডাইপারিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তার মৃত্যুতে তারা একজন অত্যন্ত সম্মানিত রেফারি এবং তার চেয়েও বড় কথা, একজন দয়ালু ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।

 

ডাইপারিঙ্ক ২০১৭ সাল থেকে ডাচ লিগ ইরেডিভিসিতে রেফারিং করতেন এবং ২০২৪ সালের ইউরোতেও ভিএআর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৯ এপ্রিল ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রিস্টাল প্যালেস ও ফিওরেন্টিনার মধ্যকার ম্যাচে তিনি ভিএআরের দায়িত্বে ছিলেন।

 

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ডাচ সংবাদপত্র 'ডি টেলিগ্রাফ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডাইপারিঙ্ক দাবি করেছিলেন যে, তাকে 'মিথ্যা অভিযোগে অভিযুক্ত' করা হয়েছে। তিনি বলেছিলেন, শুরু থেকেই পুলিশি তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকে তাৎক্ষণিকভাবে সবকিছু জানিয়েছেন। কেএনভিবির সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও তাকে বাদ দেওয়ার ফিফার সিদ্ধান্তে তিনি হতাশা ব্যক্ত করেছিলেন।

 

মেট্রোপলিটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, গত ৯ এপ্রিল ক্রয়ডনের ওয়েলেসলি রোডে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার পর তারা ব্যবস্থা নেয় এবং ৩০-এর কোঠায় বয়সী একজনকে গ্রেপ্তার করে। তবে সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল ডিভাইস যাচাইসহ পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর পর্যাপ্ত প্রমাণের অভাবে কোনো অভিযোগ গঠন করা সম্ভব হয়নি। ফলে মামলাটি আর সামনে না বাড়ানোর সিদ্ধান্ত নেয় পুলিশ।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন