খেলাধুলা, ক্রিকেট

বিশ্বকাপ না খেলায় কোমায় চলে গিয়েছিলেন বাংলাদেশের ২ ক্রিকেটার: মোহাম্মদ সালাউদ্দিন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৮:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরাপত্তা অজুহাতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত যে বাংলাদেশ দলের ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে, তা নিয়ে মন্তব্য করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, একটি ভুল সিদ্ধান্তে দীর্ঘদিনের গোছানো একটি দলকে নিমিষেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সালাউদ্দিনের দাবি, বিশ্বকাপের উইকেট ও কন্ডিশন বাংলাদেশের জন্য অত্যন্ত অনুকূল ছিল, যা কাজে লাগিয়ে বড় সাফল্যের স্বপ্ন দেখছিলেন তারা। কিন্তু মাঠের লড়াইয়ের বদলে এখন কেবল আক্ষেপই সঙ্গী হয়েছে ক্রিকেটার ও কোচিং স্টাফদের।

 

বিসিবির অভিজ্ঞ কোচ বলেন, কলকাতা ও শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলো দেখে তার মনে হয়েছে, সেখানকার উইকেটগুলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বেশ কার্যকর হতে পারত। দলের প্রস্তুতি এবং সাম্প্রতিক ফর্ম অনুযায়ী এই বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার দারুণ সুযোগ ছিল বলে মনে করেন তিনি। সালাউদ্দিনের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল হিসেবে এখন অনেক বেশি সুসংগঠিত এবং এই আসরকে কেন্দ্র করে সবার মধ্যে বড় ধরনের স্বপ্ন ছিল। কিন্তু আকস্মিক সিদ্ধান্তে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ায় ক্ষোভ লুকাতে পারেননি তিনি।

 

সালাউদ্দিন আরও জানান, বিশ্বকাপ খেলতে না পারার শোকে দলের দুইজন ক্রিকেটার মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তারা প্রায় ‘কোমায়’ চলে গিয়েছিলেন। টানা পাঁচ দিন তারা যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন। তবে সেই অবস্থা কাটিয়ে তাদের আবারও মাঠে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ‘অদম্য কাপ’ টুর্নামেন্টের মাধ্যমে ওই ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারা এবং তাদের রান পাওয়াকে তিনি নিজের জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখছেন।

 

পরিশেষে জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ সরাসরি নীতিনির্ধারকদের দিকে আঙুল তুলে বলেন, অনেক বছর ধরে লালিত একটি স্বপ্নকে এক সেকেন্ডের সিদ্ধান্তে নষ্ট করে দেওয়া হয়েছে। তার মতে, মাঠের বাইরে নেওয়া এমন সিদ্ধান্তে খেলোয়াড়দের ক্যারিয়ার এবং মানসিক স্বাস্থ্যের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। 

 

বাংলাদেশ দলকে বাদ দিয়ে আইসিসি যেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, সেখানে টাইগাররা ঘরে বসে খেলা দেখা ছাড়া আর কিছুই করার নেই।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন