খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টাইনদের শাস্তি কমাল ফিফা

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন আর্জেন্টিনার তিন ফুটবলার ও কোচিং স্টাফের এক সদস্য। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদা এক ম্যাচের নিষেধাজ্ঞা পান।

তবে এবার এই শাস্তির প্রয়োগে পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অনুরোধ করেছিল, যেন নিষেধাজ্ঞার ম্যাচগুলো ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গণনা করা হয়। ফিফা সেই আবেদন অনুমোদন করেছে।

 

ফলে পারেদেস, মোলিনা ও আলমাদাকে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই নিষেধাজ্ঞা শেষ করার অপেক্ষায় থাকতে হবে না। আন্তর্জাতিক প্রীতি ম্যাচও এখন তাদের শাস্তির মেয়াদের অংশ হিসেবে গণনা হবে। এতে বিশেষ করে পারেদেস ও মোলিনার দীর্ঘ নিষেধাজ্ঞা তুলনামূলক দ্রুত শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

 

এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি প্রচলিত নিয়ম মেনেই এই অনুমোদন দিয়েছে। চলতি বছরের শেষ ভাগ এবং ২০২৭ সালের শুরুর দিকের আন্তর্জাতিক উইন্ডোগুলোতে আর্জেন্টিনা একাধিক প্রীতি ম্যাচ খেললে সেই ম্যাচগুলোও নিষেধাজ্ঞার হিসাবে যুক্ত হবে। জানা গেছে, বছরের বাকি সময়ে ছয়টি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।

 

তবে শাস্তির প্রয়োগে স্বস্তি মিললেও নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা চালিয়ে যাবে এএফএ। ফেডারেশন জানিয়েছে, আনুষ্ঠানিক আপিল প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি আরও কমানোর পথ খোঁজা হবে। প্রয়োজনীয় নথিপত্র হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটিতে আবেদন করা হবে।

 

এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন ইতোমধ্যেই শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনের তুলনায় কঠোর। ফিফার আপিলে কাঙ্ক্ষিত ফল না এলে শেষ পর্যন্ত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) যাওয়ার সুযোগও থাকবে আর্জেন্টিনার।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন