বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের দুই পরাশক্তির লড়াই নয়, এটি হবে দুই কৌশলী কোচেরও এক আবেগঘন দ্বৈরথ। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের অতীতের এক বিশেষ সম্পর্ক এবারের ফাইনালকে আরও অনন্য মাত্রা দিয়েছে।
অনেকেরই অজানা, কোচিং লাইসেন্স অর্জনের সময় স্পেনে প্রশিক্ষণ নিয়েছিলেন স্কালোনি। সে সময় স্পেনের রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বয়সভিত্তিক দলের দায়িত্বে ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। প্রশিক্ষণ কোর্সে তিনিই ছিলেন স্কালোনির অন্যতম শিক্ষক।
সেই সময় থেকেই দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের সাফল্যের প্রশংসা করতে গিয়ে স্কালোনি একবার বলেছিলেন, তিনি অসাধারণ একজন মানুষ। তিনি যেভাবে কথা বলেন, যেভাবে নিজেকে উপস্থাপন করেন এবং খেলোয়াড়রা যেভাবে তার জন্য নিজেদের উজাড় করে দেয়-সবকিছুই দেখার মতো।
স্কালোনির প্রশংসার জবাবে দে লা ফুয়েন্তেও তার সাবেক শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন। তিনি স্কালোনিকে “সত্যিকারের একজন মাস্টার এবং অসাধারণ ব্যক্তিত্ব” বলে উল্লেখ করেন। পাশাপাশি তার কৌশলগত প্রস্তুতি ও ড্রেসিংরুম নিয়ন্ত্রণের দক্ষতারও প্রশংসা করেন।
এবার ভাগ্যই তাদের এনে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। শিক্ষক ও শিষ্য, মুখোমুখি বিশ্বকাপের ফাইনালে। ৯০ মিনিটের সেই লড়াইই নির্ধারণ করবে, কে উঠবেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে।
সূত্র: ইয়াহু স্পোর্টস
ডিবিসি/ এসএফএল