ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যান্য অতিথিদের ক্যাম্পাসে প্রবেশ এবং যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত- এই পাঁচটি প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহনের পাশাপাশি সাংবাদিক, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের ডেলিভারি যান এবং অন্যান্য সরকারি যানবাহন প্রবেশের অনুমতি পাবে। তবে অন্যান্য ব্যক্তিগত যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকবে।
এ ছাড়া পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে এই সড়কে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। উল্লেখ্য, এর আগেও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো উপলক্ষে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই ধরনের প্রবেশ ও যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আবারও বহাল করা হলো।
ডিবিসি/আরএসএল