চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি প্রকাশ না করলেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এই ইঙ্গিত দেন।
অনুষ্ঠানে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, দেশজুড়ে চলমান বিশ্বকাপ ফুটবলের জোয়ারের মধ্যে তিনি নিজে কোন দেশকে সমর্থন করছেন। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে কিছুটা রহস্য রেখে বলেন, "আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।" এরপর তিনি প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে যোগ করেন, "আপনি আপনার উত্তর পেয়েছেন তো?"
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখানে দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে ফিরে আসেন। দীর্ঘদিন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবাসের কারণেই তাঁর এই মন্তব্যকে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ১৮ জুন রাত ২টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড।
গত ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া ৩৯ দিনব্যাপী এই টুর্নামেন্টে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। আগামী ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিশ্ব আসরের এই পর্দা নামবে।
ডিবিসি/টিবিএ