আন্তর্জাতিক, খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপ শেষে দেশে ফিরেই মারা গেলেন আফ্রিকার তরুণ মিডফিল্ডার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল ও মামেলোডি সানডাউনস ক্লাবের তারকা মিডফিল্ডার জেইডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে মাঠ মাতানোর মাত্র কয়েক সপ্তাহের মাথায় তার এই আকস্মিক মৃত্যুর খবর এলো। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই অংশ নিয়েছিলেন অ্যাডামস, যেখানে তার দল নকআউট পর্বে পৌঁছে ইতিহাস গড়েছিল। পরবর্তীতে শেষ বত্রিশের লড়াইয়ে সহ-আয়োজক দেশ কানাডার কাছে হেরে বিদায় নেয় তারা।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, শনিবার (১১ জুলাই) সকালে কেপটাউনের শটসচেকলোফ উপশহরের একটি বাড়ি থেকে এই ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে পুলিশ একটি তদন্ত শুরু করেছে। দেশের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী গায়টন ম্যাককেঞ্জি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, দক্ষিণ আফ্রিকান ফুটবল তাদের অন্যতম সেরা তরুণ প্রতিভাকে হারাল। একই সঙ্গে তিনি এই কঠিন সময়ে খেলোয়াড়ের পরিবার ও ক্লাবের গোপনীয়তা রক্ষা করতে এবং কোনো ধরনের অনুমান ছড়ানো থেকে বিরত থাকতে সংবাদমাধ্যম ও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

জেইডেন অ্যাডামস ২০২২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক করেন। ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ফুটবলে স্টেলেনবোশ এফসি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোডি সানডাউনসে যোগ দেন, যেখানে তিনি ঘরোয়া লিগ ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। চলতি বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুর খবর পাওয়া সত্ত্বেও দেশের হয়ে মাঠে নেমেছিলেন এই লড়াকু ফুটবলার।

 

অ্যাডামসের এই অকাল প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, বিশ্বকাপের মতো ঐতিহাসিক সফরের পরপরই এই তরুণ মিডফিল্ডারের চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। বিশ্ব ফুটবল পরিবার এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশে রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন একে দেশের ফুটবল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছে।
 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন