বাংলাদেশ, জাতীয়

বিশ্বনেতাদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিশ্বনেতারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে পৃথক পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে বিদেশি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে তাদের নিজ নিজ দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান। সাক্ষাৎকালে প্রতিনিধিরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে দ্রুতগতিতে এগিয়ে যাবে।


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী বিশ্বনেতাদের মধ্যে ছিলেন: মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা, যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা।


বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হওয়ার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমান আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে বিদ্যমান সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সকলের সহযোগিতায় একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণই তার সরকারের মূল লক্ষ্য।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন