আন্তর্জাতিক, এশিয়া

বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বগতি: অতিরিক্ত ভর্তুকির চাপে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে সংঘাত ও ইরান-সংশ্লিষ্ট যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। এই ঊর্ধ্বমুখিতার প্রভাবে মালয়েশিয়ার সরকারি কোষাগারে অতিরিক্ত ভর্তুকির ব্যাপক চাপ তৈরি হয়েছে। আর্থিক এই চাপ সামলাতে এবং অভ্যন্তরীণ বাজারে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার।

আগামী জুলাই মাস থেকে মালয়েশিয়াজুড়ে প্রতি লিটার ডিজেলের দাম ২.১০ রিঙ্গিতে (প্রায় ০.৫০ ডলার) নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন ডিজেলের ব্যাপক মূল্য পার্থক্যের কারণে সৃষ্ট রাজস্ব ক্ষতি ঠেকাতেই এই উদ্যোগ। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

বর্তমানে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সাবাহ ও সারাওয়াকে প্রতি লিটার ডিজেল ২.১৫ রিঙ্গিত ভর্তুকি মূল্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে, মালয়েশীয় উপদ্বীপে এর দাম দ্বিগুণেরও বেশি ৪.৩৭ রিঙ্গিত। অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অঞ্চলভেদে দামের এই বিশাল ব্যবধানের কারণেই দেশজুড়ে রাজস্ব ফাঁকি এবং সীমান্ত পেরিয়ে ভর্তুকিযুক্ত ডিজেল চোরাচালানের সুযোগ তৈরি হয়েছে।

 

জ্বালানির মূল্যবৃদ্ধিতে কোষাগার এমনিতেই চাপের মুখে থাকায়, দেশব্যাপী এই বিশাল অঙ্কের অতিরিক্ত ভর্তুকির অর্থায়ন সরকার কীভাবে করবে—সে বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে, দ্বিতীয় অর্থমন্ত্রী আমির হামজা আজিজান খুব শিগগিরই এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করবেন।

 

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ সীমিত হয়ে আসায় মালয়েশিয়া এখন বিকল্প উৎসের সন্ধানে জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে রাশিয়া মালয়েশিয়াকে অন্তত ২০ বছরের জন্য তেল, গ্যাস এবং ডিজেল সরবরাহের আশ্বাস দিয়েছে।

 

পাশাপাশি, মালয়েশিয়ার জাতীয় জ্বালানি সংস্থা 'পেট্রোনাস' কাস্পিয়ান সাগরে নিজেদের আধিপত্য বাড়াতে তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় সংস্থা তুর্কমেননেবিত এবং হাজারনেবিতের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার মতে, এই চুক্তির ফলে মালয়েশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস রিজার্ভে প্রবেশের সুযোগ পাবে। এর মাধ্যমে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো অংশীদার দেশগুলোতে মালয়েশিয়ার জ্বালানি রপ্তানি বৃদ্ধির অপার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন