ইরানের জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত মার্কিন সামরিক হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমে গেছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সঙ্ঘাত এড়ানোর আভাস পাওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে এই উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার জিএমটি ২৩:৫২ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ হ্রাস পেয়ে ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর হামলা চালানোর পর এবং এর জবাবে তেহরানের সামরিক বাহিনী ওমান সংলগ্ন সমুদ্রসীমায় বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালালে আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে যায়। তবে মার্কিন প্রশাসন পরিকল্পনা থেকে পিছু হটায় বিশ্বজুড়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকার আশায় দাম আবার নিম্নমুখী হতে শুরু করেছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন