পারস্য উপসাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টানা চতুর্থ কার্যদিবসের মতো দাম বেড়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের মূল্য এখন ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম ব্যারেলে ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৯৪.৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া তেলের বাজারমূল্য সংক্রান্ত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
মূলত পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে হামলার পরপরই বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, দীর্ঘ ছয় মাস ধরে চলা এই যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। উল্টো নতুন করে সংঘাত তীব্র রূপ নেওয়ায় গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিবিসি/হাদী