তুরস্কে চলমান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারণে দেশব্যাপী বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় সর্বজনীনভাবে প্রদর্শন নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরীক্ষার্থীদের স্বার্থে শব্দদূষণ রোধ এবং যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব প্রদেশের গভর্নরদের এই নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্যারাগুয়ের বিপক্ষে তুরস্কের জাতীয় দলের ম্যাচটি যেন কোনো বিশাল পাবলিক স্ক্রিনে দেখানোর অনুমতি দেওয়া না হয়। এর আগে দেশটির বেশ কয়েকটি শহরের স্থানীয় কর্তৃপক্ষ শনিবার অনুষ্ঠিতব্য গ্রুপ ‘ডি’এর এই ম্যাচটি বড় খোলা পর্দায় সম্প্রচার করার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল।
তবে এই সপ্তাহান্তে অনুষ্ঠিতব্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা (ওয়াইকেএস) উপলক্ষে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা আসার পর স্থানীয় পৌরসভাগুলো তাদের পূর্বনির্ধারিত বড় পর্দার সম্প্রচার বাতিল করতে বাধ্য হয়। ম্যাচটি স্থানীয় সময় শনিবার সকাল ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো পরীক্ষা চলাকালীন শব্দদূষণ বা অতিরিক্ত যানজটের কারণে পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয়।
ওয়াইকেএস হলো তুরস্কের দেশব্যাপী আয়োজিত প্রধান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেখানে প্রতি বছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আশায় লক্ষ লক্ষ শিক্ষার্থী অংশ নেয়। ৮ কোটি ৬০ লক্ষ মানুষের এই দেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করার পর এবারই প্রথম দলটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
নিজেদের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হওয়ায় নক-আউট পর্বে জায়গা করে নিতে তুরস্ককে এখন কঠিন সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে। এই গ্রুপে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রও প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে গত ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে বিশাল পর্দায় সম্প্রচার করা হয়েছিল, যা দেখতে পার্ক ও দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের একটি প্রাচীন অ্যাম্ফিথিয়েটারে বিপুল জনসমাগম উপচে পড়েছিল।
সূত্রঃ আরএফআই
ডিবিসি/আরএসএল