বিশ্বের নিরাপদ শহর হিসেবে প্রথম স্থান অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিভিন্ন দেশ ও শহরের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেই তালিকায় সবচেয়ে কম অপরাধ সংঘটিত হওয়ায় তালিকার শীর্ষে উঠে আসে কাতার।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের অবরোধের পরও প্রতিনিয়ত উন্নতির দিকেই যাচ্ছে তেলসমৃদ্ধ দেশ কাতার।
২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই বিশ্ববাসীর কাছে নিরাপদ শহর হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি।
সম্প্রতি ১৩৩টি দেশ ও শহরের অপরাধ পরিক্রমা পর্যালোচনা করে একটি তালিকা করেছে নামবেও ক্রাইম ইনডেক্স। সেখানে ১০০ পয়েন্টের মধ্যে ৮৮.১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতার।
কাতার প্রবাসী বাংলাদেশিদের মতে, দেশটির সরকারের কঠোর নজরদারি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ফলে এমনটি হয়েছে।কাতার বৃহত্তর ফটিকছড়ি সমিতি সাধারণ সম্পাদক এম মইন উদ্দীন বলেন,'সরকার আইর শৃংঙ্খলা নিয়ন্ত্রণে এবং অবৈধকাজ নিয়্ন্ত্রণে সফল হয়েছে সেই হিসেবে কাতার নিরাপদ দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে।'
বৃহত্তর ঢাকা সমিতি কাতার সহ সভাপতি প্রকৌশলী আলীম উদ্দিন বলেন, 'অপরাধ না থাকলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। তাদের যে সাফল্য; তাতে আমরা উপকৃত। সারা বিশ্বের মানুষ উপকৃত।'
আরব অঞ্চলের মধ্যে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিরাপদ দেশ হিসেবে নির্বাচিত হয়ে আসছে কাতার। এছাড়া অন্যান্য বৈশ্বিক রেংকিংয়েও কাতারের উন্নয়ন চোখে পড়ার মতো। তাছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সফল হয়েছে দেশটি।