বিবিধ

বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক কনটেইনার শিপের বাণিজ্যিক যাত্রা শুরু!

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ১৫ এপ্রিল চীনের প্রথম ১০ হাজার টন শ্রেণির সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত ও বুদ্ধিমান কনটেইনার শিপ 'নিং ইউয়ান ডিয়ান কুন' সফলভাবে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। শূন্য কার্বন নিঃসরণ এবং অত্যাধুনিক প্রযুক্তিতে পরিচালিত এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক কনটেইনার জাহাজ।

মূলত চীনের উপকূলবর্তী সমুদ্রপথের জন্য ডিজাইন করা এই জাহাজটির দৈর্ঘ্য ১২৭.৮ মিটার এবং প্রস্থ ২১.৬ মিটার, যা একসাথে প্রায় ৭৪২টি স্ট্যান্ডার্ড কনটেইনার পরিবহনে সক্ষম।

 

জাহাজটিতে শক্তি সঞ্চয়ের জন্য প্রায় ২০ হাজার কিলোওয়াট-আওয়ার সক্ষমতার ১০টি কনটেইনারাইজড ব্যাটারি এবং দুটি ৮৭৫ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে। এই পরিবেশবান্ধব ব্যবস্থাটি বছরে প্রায় ১ হাজার ৪৬২ টন কার্বন নিঃসরণ হ্রাসে সরাসরি ভূমিকা রাখবে। 

 

পাশাপাশি এতে উন্নত স্মার্ট নেভিগেশন ও ইঞ্জিন সিস্টেম যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয় সংঘর্ষ এড়ানো, নির্ভুল গতিপথ পর্যবেক্ষণ এবং ক্লাউড-ভিত্তিক নিয়ন্ত্রণের মতো কাজগুলো অত্যন্ত সুচারুভাবে করতে সক্ষম। নিরবচ্ছিন্ন শক্তি সংগ্রহের জন্য জাহাজটিতে উচ্চ ভোল্টেজের তীরবর্তী বিদ্যুৎ বা শোর পাওয়ার এবং দ্রুত কনটেইনার সোয়াপিং সিস্টেমের দ্বৈত ব্যবস্থা রাখা হয়েছে।

 

আকর্ষণীয় বিষয় হলো, জাহাজটির নামের 'কুন' অংশটি প্রাচীন চীনা গ্রন্থ 'ঝুয়াংজি' থেকে নেওয়া হয়েছে, যা একটি পৌরাণিক বিশাল মাছকে নির্দেশ করে। সিসিটিএন ও গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, এই প্রকল্পের অপর সিস্টার কনটেইনার শিপ 'নিং ইউয়ান ডিয়ান পেং' চলতি ২০২৬ সালের জুন মাসে বহরে যুক্ত হবে। এই দুটি জাহাজ একত্রে চীনের উপকূলীয় রুটে সবুজ ও পরিবেশবান্ধব কনটেইনার শিপিংয়ের এক নতুন যুগের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন