আন্তর্জাতিক, এশিয়া

বিশ্বের বৃহত্তম মুক্ত-বাণিজ্য জোট গড়ল চীন, জাপানসহ ১৫টি দেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই নভেম্বর ২০২০ ০৩:০২:৪১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট গড়ল ১৫টি দেশ। রবিবার ভিয়েতনামের হ্যানয়ে আসিয়ানের ভার্চুয়াল সম্মেলনের সাইডলাইনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশ ছাড়াও জোটে রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।  

চীনের উদ্যোগে আট বছর আলোচনার পর অবশেষে স্বাক্ষরিত হল 'রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ' চুক্তি। গত বছর চুক্তির খসড়া চূড়ান্ত হয়।  কোভিড-১৯ পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে রবিবার ভিয়েতনামের হ্যানয়ে আসিয়ানের ৩৭ তম সম্মেলনের সাইডলাইনে এই চুক্তি স্বাক্ষর হয়।

জোটে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ব্রুনেই। এছাড়া রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগামী কয়েক বছরের মধ্যেই বিভিন্ন খাতে বাণিজ্য শুল্ক কমাবে জোটভুক্ত দেশগুলো।

আরসিইপি মুক্তবাণিজ্য অঞ্চলের ১৫টি দেশের মোট জনসংখ্যা ২০০ কোটিরও বেশি।  ফলে বিশ্বের মোট জিডিপি'র ৩০ শতাংশই এই জোটের আওতায় পড়বে।  আরসিইপি মুক্ত বাণিজ্য অঞ্চল আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো'র নাফটা এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য অঞ্চলের চেয়েও বড়।  এর ফলে এশিয়ায় বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে নিজের প্রভাব বাড়াবে চীন।

প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ভারত অংশ নিলেও, ২০১৭ সালে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব কমাতে বারাক ওবামার সময়ে ১২ দেশের সঙ্গে ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ টিপিপি চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই চুক্তি থেকেও বেরিয়ে যান ট্রাম্প।

ভারতের যোগ দেয়ার কথা থাকলেও, গত বছর আলোচনা থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তবে ভারত চাইলে ভবিষ্যতে চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে, জানিয়েছেন আসিয়ান নেতারা।

আরও পড়ুন