নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ফেলিক্সদের সৌদি প্রো লিগ (এসপিএল)। গ্লোবাল ফুটবল র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকায় বিশ্বের সেরা লিগের শীর্ষ ৩০-এর বাইরে ছিটকে গেছে সৌদি লিগ। অন্যদিকে লিওনেল মেসির মেজর লিগ সকার (এমএলএস) উঠে এসেছে সেরা দশে।
ফিফা বিশ্বকাপ শেষে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে সৌদি প্রো লিগ। ২০২৬-২৭ মৌসুম শুরু হবে আগামী ১৩ আগস্ট। অন্যদিকে বিশ্বকাপ বিরতির পর ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে এমএলএসের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো।
1
এরই মধ্যে গ্লোবাল ফুটবল র্যাঙ্কিং বিশ্বের বিভিন্ন ফুটবল লিগের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। সেখানে ৭৯.৩ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এমএলএস। বিপরীতে ৭৫.১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগ নেমে গেছে ৩৬তম স্থানে।
ক্লাব র্যাঙ্কিংয়েও দুই লিগের চিত্র প্রায় একই। এমএলএসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ৮৪.৯ পয়েন্ট নিয়ে ক্লাবটি রয়েছে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৭৯তম স্থানে।
অন্যদিকে সৌদি প্রো লিগের সেরা ক্লাব আল আহলি। ৮৫.০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ৭৫ নম্বরে।
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোয়াও ফেলিক্সের ক্লাব আল নাসর সেরা ১০০ ক্লাবের তালিকাতেও জায়গা পায়নি। ৮৩.৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১৬তম।
বিশ্বের সেরা লিগের তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৯১.৮ পয়েন্ট নিয়ে একমাত্র লিগ হিসেবে ৯০-এর বেশি পয়েন্ট অর্জন করেছে তারা।
সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে ইতালিয়ান সিরি আ'র। ৮৬.১ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগাকে (৮৬.০) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালির শীর্ষ লিগ। সেরা পাঁচে রয়েছে ফরাসি লিগ ওয়ান (৮৫.৬) এবং জার্মান বুন্দেসলিগা (৮৫.৪)।
তবে আরেকটি স্বীকৃত র্যাঙ্কিংয়ে চিত্রটি ভিন্ন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)–এর তালিকায় সৌদি প্রো লিগ ছিল ২৭তম স্থানে (২,৬২৬.৭৫ পয়েন্ট), আর যুক্তরাষ্ট্রের এমএলএস ছিল ৪৮তম স্থানে (১,৭০৭.৭৫ পয়েন্ট)। ফলে দুই প্রতিষ্ঠানের মূল্যায়নে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে।
ডিবিসি/আরএফই