আন্তর্জাতিক

বিশ্ব শান্তি নিশ্চিত করতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা অপরিহার্য: তুরস্কের সংসদ স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি সরকারের আগ্রাসনমূলক কর্মকাণ্ডের অবসান ঘটানো ছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই আগ্রাসন বন্ধ হলে তা কেবল ফিলিস্তিনিদের শান্তিতে বসবাসের সুযোগই দেবে না, বরং সারা বিশ্বে স্থিতিশীলতা নিশ্চিত করবে।

সোমবার (২৯ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটো সংসদীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তুরস্কের সংসদ স্পিকার নুমান কুরতুলমুস এসব কথা বলেন।

 

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে কুরতুলমুস স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনিদের জন্য শান্তি নিশ্চিত না করে মধ্যপ্রাচ্যে শান্তি আনা অসম্ভব; আর মধ্যপ্রাচ্যে শান্তি ছাড়া বিশ্বে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না।

 

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তুরস্কের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। স্পিকার জোর দিয়ে বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া সামনে এগোনোর আর কোনো পথ নেই। এই অঞ্চলে চলমান শান্তি উদ্যোগে সমর্থন জানানোর জন্য তিনি ন্যাটো সদস্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারক এবং সুইজারল্যান্ডে শুরু হওয়া আলোচনার প্রসঙ্গ টেনে কুরতুলমুস বলেন, এই উদ্যোগগুলো একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির আশা জাগিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই আলোচনা শেষ পর্যন্ত কেবল একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং একটি প্রকৃত শান্তি নিষ্পত্তির দিকে বিশ্বকে নিয়ে যাবে।

 

এ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আঙ্কারার সফল মধ্যস্থতার ইতিহাস তুলে ধরেন। এর মধ্যে কৃষ্ণ সাগর শস্য উদ্যোগে সহায়তা এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একাধিক বন্দি বিনিময় চুক্তিতে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন।

 

প্রতিরক্ষা খাতে তুরস্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে কুরতুলমুস জানান, মিত্র দেশগুলোর সঙ্গে নিজেদের সক্ষমতা ভাগ করে নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ বরাদ্দের ন্যাটো লক্ষ্যমাত্রার প্রতি তুরস্কের অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

তবে কিছু মিত্র দেশের আরোপিত প্রতিরক্ষা শিল্প নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন তুরস্কের সংসদ স্পিকার। এসব পদক্ষেপকে তিনি একতরফা, অর্থহীন ও জোটের চেতনার পরিপন্থী বলে আখ্যায়িত করেন।

 

বক্তব্যের শেষাংশে বর্তমান বিশ্ব ও ন্যাটো এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি একটি নতুন, ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন