৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন নবীন চিকিৎসক আজ আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৯৮৪ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৭৯ জন চিকিৎসক রয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নবনিযুক্ত চিকিৎসকদের যোগদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি এই নিয়োগকে একটি ‘যুগান্তকারী ঘটনা’ হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত স্বল্প সময়ে পদ সৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে চিকিৎসকদের যোগদান নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, ‘তরুণ এই ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত হওয়ার ফলে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।’
ডা. সায়েদুর রহমান জানান, চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রে মেধার পাশাপাশি মানবিক দিকগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন:
স্বামী-স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে তাঁদের একই এলাকায় পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত চিকিৎসকরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। এর আগে যোগদান কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
ডিবিসি/এনএসএফ