খেলাধুলা, ক্রিকেট

বিসিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ পরিচালক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। বৈধ ৩৩ জন প্রার্থীর মধ্য থেকে ২৩ জন পরিচালক ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে।

তবে প্রার্থী তালিকা পর্যালোচনায় আভাস পাওয়া যাচ্ছে যে, আগামী পর্ষদটি তুলনামূলক অনভিজ্ঞ এবং রাজনৈতিক আশীর্বাদপুষ্ট হতে যাচ্ছে। প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের আত্মীয়স্বজন; বাকিদের অনেকেও দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১ থেকে রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পরিচালক পদের বিপরীতে মাত্র তিনজন প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া একপ্রকার নিশ্চিত। তাঁরা হলেন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম এবং রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও প্রস্তাবক ও সমর্থকের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর প্রার্থিতা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে। আগামীকাল তাঁর আপিলের সুযোগ রয়েছে; তবে সেটি টিকতে না পারলে বৈধ দুই প্রার্থী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুরের আব্দুল্লাহ আল ফুয়াদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

 

একই ক্যাটাগরির অধীনে চট্টগ্রাম বিভাগে দুটি পদের জন্য লড়বেন মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী ও শরীফুল ইসলাম। খুলনা বিভাগে দুটি পদের লড়াইয়ে আছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম। এ ছাড়া বরিশাল বিভাগে একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান এবং মুনতাসির আলম চৌধুরী।

 

ঢাকার মেট্রোপলিটনের ৭৬টি ক্লাব নিয়ে গঠিত ক্যাটাগরি–২ থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে মোট ১৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। তাঁরা হলেন, আবাহনীর ফাহিম সিনহা, মোহামেডানের মাসুদুজ্জামান, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রাব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, ধানমন্ডি ক্লাবের ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের তামিম ইকবাল, ট্রাই স্টেট ক্রিকেটার্সের আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের রফিকুল ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্সের সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মেরিনার ইয়াংয়ের শানিয়ান তানিম, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহিম আহমেদ, তেঁজগাও ক্রিকেট একাডেমির বোরহানুল হোসেন, পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সাকিফ আহমেদ, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাবের মেজর ইমরোজ আহমেদ ও ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মাহমুদ উর রহমান।

 

অন্যদিকে, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের নিয়ে গঠিত ক্যাটাগরি–৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন