বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত বাশার এই পদের জন্য আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বোর্ডের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছেন। এর আগে টানা ৮ বছর নির্বাচক প্যানেলে থাকার অভিজ্ঞতা রয়েছে তার। বাশারের অতীত কর্মদক্ষতা এবং দূরদর্শী চিন্তাভাবনাকে মূল্যায়ন করেই বিসিবি তাকে এবার প্রধান পদের দায়িত্ব দিতে চাইছে।
দীর্ঘ সময় নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদিন নান্নুর সাথে জুটি বেঁধে কাজ করেছেন বাশার। দেশের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে তার ভূমিকা ছিল অনন্য। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। লিপু আর দায়িত্বে থাকতে আগ্রহী নন বিধায় পদটি শূন্য হতে যাচ্ছে।
বিসিবির অনুরোধে লিপু আরও ২-৩ মাস কাজ চালিয়ে গেলেও দীর্ঘ মেয়াদে থাকছেন না। এমন অবস্থায় বাশারকেই সেরা বিকল্প মনে করছে বোর্ড। হাবিবুল বাশার ২০১৬ সালে প্রথম নির্বাচক প্যানেলে যোগ দেন। এর আগে তিনি নারী উইং নিয়েও কাজ করেছেন। প্রস্তাব গ্রহণ করলে এটিই হবে তার প্রথম প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ।
ডিবিসি/ এসএফএল