বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ নির্বাচনে বরিশাল বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোলার কৃতি সন্তান ও সাবেক ক্রিকেটার মুনতাসির আলম চৌধুরী রবিন। শুক্রবার (২২ মে) দুপুরে মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিসিবির প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন রবিন চৌধুরী। এ সময় ভোলা জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।
মুনতাসির আলম চৌধুরী রবিন ভোলার ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি একাধারে একজন সাবেক কৃতি ক্রিকেটার, আম্পায়ার ও সফল ক্রীড়া সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি ভোলা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিসেবেও তিনি দায়িত্বে রয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় রবিন চৌধুরী বলেন, বিগত সময়ে পরিচালক পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের বেশিরভাগই তৃণমূল থেকে উঠে আসেননি। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের ক্রিকেট সংশ্লিষ্টদের মূল্যায়নের যে উদ্যোগ নিয়েছে, সেজন্য তিনি সাধুবাদ জানান। তৃণমূলের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, জীবনমান উন্নয়ন এবং ক্রিকেটের সার্বিক বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকায় তিনি জানেন কীভাবে একে এগিয়ে নিতে হয়। নির্বাচিত হতে পারলে বরিশাল বিভাগের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে কোনো প্যানেল থাকছে না, প্রার্থীরা স্বতন্ত্রভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে বরিশাল বিভাগ থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বিসিবির পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করবেন। ভোলার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, মুনতাসির আলম চৌধুরী রবিন নির্বাচিত হলে পিছিয়ে পড়া বরিশাল বিভাগের ক্রিকেটে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং তৃণমূল ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আসবে।
ডিবিসি/আরএসএস