তুরস্কের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন ডলার এবং সেদেশের ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ স্ত্রী হিসেবে দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে আগামী ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ায় দুই দশক ধরে উগান্ডা নিরাপত্তা নিশ্চিত করলেও মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন প্রকল্প থেকে মুনাফা লুটছে তুরস্ক। এই ‘নিরাপত্তা লভ্যাংশ’ বাবদ তিনি ১ বিলিয়ন ডলার পাওনা দাবি করেন।
বিতর্কিত এই সেনাপ্রধান স্পষ্ট জানান, তুরস্ক টাকা না দিলে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে তুরস্কে থাকা উগান্ডার দূতাবাসও বন্ধ করতে তার কোনো আপত্তি নেই। উগান্ডাবাসীদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে বন্ধু পেছন থেকে আঘাত করে তাকে প্রয়োজন নেই। এছাড়া একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পবিত্র ভূমি রক্ষায় তিনি এক লাখ উগান্ডান সেনা পাঠাতে প্রস্তুত। উল্লেখ্য, কাইনেরুগাবার এমন কাণ্ড এবারই প্রথম নয়; এর আগে ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে তিনি ১০০টি গরু উপহার দেওয়ার ঘোষণা দিয়েও বিশ্বজুড়ে সমালোচনা কুড়িয়েছিলেন।
ডিবিসি/এফএইচআর