দেশে ফিরে আর বিয়ে করা হলো না মালয়েশিয়া প্রবাসী গিয়াস হাওলাদারের (৩৫)। বৃহস্পতিবার রাতেই (১৬ এপ্রিল) তাঁর দেশে ফেরার কথা ছিল, বিমানের টিকিটও কেনা হয়ে গিয়েছিল। কিন্তু মালয়েশিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত গিয়াস মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন গিয়াস। পথে কুয়ালালামপুর শহরে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সময় বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং ওই দিন রাত ৮টার দিকে তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছায়।
গিয়াসের বড় বোন সেলিনা আক্তার জানান, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় যান গিয়াস। সেখানে তিনি একটি বস্ত্র কারখানাও গড়ে তুলেছিলেন। আজ রাতেই তাঁর দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পর পারিবারিকভাবে তাঁর বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক এ দুর্ঘটনা তাদের সব পরিকল্পনা ভেস্তে দিল।
এদিকে, গিয়াস হাওলাদারের মরদেহ দ্রুত দেশে এনে দাফন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান বলেন, পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সহযোগিতা চাওয়া হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
ডিবিসি/কেএলডি