আন্তর্জাতিক

বিয়ের ২১ বছর পর স্ত্রীকে নিজ হাতে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের উত্তরপ্রদেশে এক বিরল ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা। স্ত্রীর প্রেমের কথা জানতে পেরে প্রতিদিনের পারিবারিক অশান্তি মেটাতে প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দিয়েছেন এক ব্যক্তি। কেবল বিয়ের আয়োজনই নয়, সেখানে নিজে উপস্থিত থেকে আনুষ্ঠানিক রীতি মেনে স্ত্রীকে বিদায়ও জানিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবির নগর জেলার দেবরি গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পরিবার ও স্থানীয় গ্রামপ্রধানের বরাত দিয়ে জানানো হয়, ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতি ২১ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। কিন্তু কয়েক মাস আগে ২৬ বছর বয়সী অবধেশ নামের এক যুবকের সঙ্গে ফুলমতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনা জানাজানি হলে বুদ্ধিরাম ও ফুলমতির সংসারে অশান্তি শুরু হয়। এর জের ধরে প্রায় দুই মাস আগে অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান ফুলমতি। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি ফিরে এলেও স্বামী-স্ত্রীর মধ্যকার কলহ আর থামেনি।

 

প্রতিদিনের এই অশান্তি থেকে মুক্তি পেতে একপর্যায়ে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম। স্ত্রী যেহেতু অবধেশের সঙ্গেই থাকতে চান, তাই তার হাতেই স্ত্রীকে তুলে দেওয়ার মনস্থির করেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আশরাফপুর গ্রামের একটি শিবমন্দিরে ফুলমতি ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় কয়েকজন গ্রামবাসীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়, যেখানে বুদ্ধিরাম নিজে উপস্থিত থেকে স্ত্রীকে বিদায় জানান।

 

সাংবাদিকদের কাছে নিজের এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছেন বুদ্ধিরাম। তিনি জানান, ২১ বছর আগে ফুলমতিকে বিয়ে করলেও সে এখন আর তার সঙ্গে থাকতে চাইছে না। বাড়িতে প্রতিদিনের কলহ ও অশান্তি নিয়ে তিনি থাকতে চান না। তাই স্ত্রী যার সঙ্গে থাকতে চায়, তার সঙ্গেই বিয়ে দেওয়ার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন