বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে যেকোনো উৎসব ও বিয়েতে আলোকসজ্জা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে সব ধরনের দোকানপাট, শপিং মল ও মার্কেট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। রাত পৌনে ৯টায় শুরু হয় এই বৈঠক।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এখন থেকে কোনো উৎসব কিংবা বিবাহ উপলক্ষে আলোকসজ্জা করা যাবে না। সন্ধ্যা ৬টায় মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হলেও খাবারের দোকান, ওষুধের দোকান এবং জরুরি পরিষেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এর আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিক নিয়মে খোলা রাখা যাবে।
দেশের জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেন, দেশে ব্যবহৃত তেলের ৮০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। তবে বর্তমান পরিস্থিতিতে অন্যান্য উৎস থেকেও তেল সরবরাহ শুরু হবে। ইতোমধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে তেল আসা শুরু হয়েছে। এমনকি কাজাখস্তান থেকেও তেল আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিবিসি/এফএইচআর