জেলার সংবাদ

বিয়ে বাড়ির আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেশনকর্মীর

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‎বিয়ের বাড়ি তখন আলোকসজ্জার ঝলমলে আয়োজনের ব্যস্ত। নতুন জীবনের শুভক্ষণকে বরণ করে নিতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই আনন্দের আয়োজনেই আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণ ডেকোরেশনকর্মী সাইফুল ইসলামের (২৫) জীবন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে কক্সবাজারে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

‎নিহত সাইফুল ইসলাম (২৫) পেকুয়ার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

‎স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে স্থানীয় ওসমানের বাড়িতে বিয়ের আয়োজনকে ঘিরে চলছিল সাজসজ্জার কাজ। বাড়িটি আলোকসজ্জায় সাজাতে অন্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন সাইফুল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছিল কাজও। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিং লাইনে ত্রুটি দেখা দিলে তা ঠিক করতে যান তিনি। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাইফুল। পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে বদলে যায় বিয়ের বাড়ির আনন্দঘন পরিবেশ। যে বাড়িতে কিছুক্ষণ আগেও ছিল উৎসবের আমেজ, সেখানেই নেমে আসে শোকের ছায়া। বিয়ের আলোয় আলোকিত হওয়ার কথা ছিল যে বাড়ি, সেখানেই সাইফুলের মৃত্যুতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

সাইফুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। মিয়াজিপাড়া এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পেকুয়া থানার মগনামা ইউনিয়নে বিয়ের বাড়িতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেশন কর্মির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন