রাজনীতি, জেলার সংবাদ

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

সিলেট ব্যুরো

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই আমরা বুকে কষ্ট নিয়ে হলেও নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল ও বিরোধী দল মিলেমিশেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকার যদি দুর্নীতি ও অন্যায় বন্ধ করতে পারে, তবে পাঁচ বছরের মধ্যেই দেশ পরিপূর্ণভাবে বদলে যাবে বলে আমি আশাবাদী।

 

জামায়াত আমির সতর্ক করে বলেন, সরকার যদি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তবে তার মাশুল দিতে হবে দেশের প্রায় ১৮ কোটি মানুষকে।

 

সরকারের জনকল্যাণমূলক কাজে পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো অন্যায়, অপরাধ কিংবা দুর্নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে তা রুখে দেয়া হবে।

 

এর আগে, শুক্রবার সকালে সিলেটে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন। পরে কুদরত উল্লাহ জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এবং বিকেলে সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত হন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন