বাংলাদেশ, জেলার সংবাদ

বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ

জাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নিখোঁজ শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দীপ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠী ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার পারিবারিক মনোমালিন্যের জেরে বাসা থেকে বের হয়ে যান দীপ। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ ছিল এবং তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় পরদিন তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

 

রবিবার বিকেলে বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে প্রাথমিকভাবে তাকে দীপ মজুমদার হিসেবে শনাক্ত করা হয়।

 

এ বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে তারা সেটি উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন