বার্ষিক সমাপনী মজুদ গণনা, সম্পদের মূল্যায়ন এবং বাস্তব যাচাই কার্যক্রম পরিচালনার জন্য বুধবার (১ জুলাই) সারা দেশের সব তেলের ডিপো এবং প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন পুরোপুরি বন্ধ থাকবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বুধবার বিপিসির অধীনস্থ বিভিন্ন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোগুলোতে জ্বালানি তেলের বার্ষিক মজুদ গণনা ও যাচাই চলবে। এ কারণে ওইদিন চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ সারা দেশের সকল ডিপো থেকে জ্বালানি তেলের বিপণন বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা রয়েছে।
তবে সাধারণ জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও বিমান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা আদেশে উল্লেখ করা হয়েছে। দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করে সরবরাহ সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে বার্ষিক সমাপনী কার্যক্রম সম্পন্ন করতেই মূলত এই সাময়িক বিপণন বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিসির পক্ষ থেকে জারি করা এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ডিবিসি/এফএইচআর