বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বুরুন্ডির বুজুম্বুরায় একটি সামরিক ঘাঁটির গোলাবারুদ গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। গত মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে বুজুম্বুরার দক্ষিণাঞ্চলীয় উপশহর মুসাগায় বুরুন্ডি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এফডিএনবি) প্রধান অস্ত্রাগারে এই বিস্ফোরণ ঘটে।
বুধবার (১ এপ্রিল) সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল গাসপার্ড বারাতুজা এক বিবৃতিতে জানান, এই ঘটনায় সামরিক সরঞ্জাম ও স্থাপনাগুলোতে আগুন লেগে তা ধ্বংস হওয়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকায় বাড়িঘর এবং ব্যক্তিগত যানবাহনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে কোনো সেনাসদস্য নিহত হয়েছেন কি না, তা স্পষ্টভাবে জানানো না হলেও আহতদের মধ্যে অন্তত তিনজন সেনাসদস্য রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, মুসাগার ওই অস্ত্রাগারটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এর ঠিক পাশেই ভবিষ্যৎ সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আবাসন কেন্দ্র 'হায়ার ইনস্টিটিউট ফর মিলিটারি ক্যাডার্স (আইএসসিএএম)' অবস্থিত।
ঘটনাস্থলে উপস্থিত এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, মূলত পানির অভাবেই আগুন নিয়ন্ত্রণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। ভয়াবহ এই আগুনে অনেক স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি সামরিক ঘাঁটিটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলেও ঘটনাস্থলে আগুন ও কুণ্ডলী পাকানো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর