শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও টিকে থাকাকেও গুরুত্ব দিচ্ছে ক্লেমন গ্রিন। দেশের ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে ‘ট্রি অ্যাম্বাসেডর’ হিসেবে যুক্ত করে গাছের যত্ন নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য দুই বছরের শিক্ষাবৃত্তির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্লেমন গ্রিনের উদ্যোগে দেশের ৮ বিভাগে এক দিনে এক লাখ ফলদ ও দেশীয় গাছ লাগানোর কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’ আয়োজন করা হচ্ছে। আয়োজকদের দাবি, এটি দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ লাগানোর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দেশীয় বৃক্ষের ঐতিহ্য সংরক্ষণেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করছে তারা।
তবে বৃক্ষরোপণের পর গাছের পরিচর্যার ঘাটতি থাকলে এমন উদ্যোগের দীর্ঘমেয়াদি সুফল পাওয়া কঠিন। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই রোপণ করা গাছগুলোর দেখভালের দায়িত্ব দেওয়া হবে শিক্ষার্থীদের।
‘ক্লেমন ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম’-এর আওতায় নির্বাচিত ১ হাজার ৫০০ শিক্ষার্থী নিয়মিত গাছগুলোর পরিচর্যা করবে। পাশাপাশি গাছের বেড়ে ওঠা ও অগ্রগতির তথ্যও ক্লেমনকে জানাবে তারা।
এই দায়িত্ব পালনে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের জন্য থাকছে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’। টানা দুই বছর এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে ট্রি অ্যাম্বাসেডরদের। ফলে পরিবেশ রক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনাকেও একই উদ্যোগের আওতায় আনা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, একটি গাছের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি হবে। একই সঙ্গে তাদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা ভবিষ্যতের স্বপ্ন পূরণের পথেও অনুপ্রেরণা জোগাবে।
ডিবিসি/ এইচএপি