দুই দফায় বৃষ্টির কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
আগের দুই ম্যাচে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করায় ব্যাটারদের তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি। তাই এই ম্যাচে আগে ব্যাটিং করে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পায়। নিয়মিত ওপেনারদের বিশ্রামে পাঠানোয় লিটন দাস এবং সাইফ হাসান ইনিংস ওপেন করেন। তবে সে সুেোগ কাজে লাগাতে পারেননি সাইফ। ১২ রান করে আউট হন তিনি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন দাস। লিটন এক প্রান্তে দ্রুত রান তুললেও অন্য প্রান্তে তাওহিদ হৃদয় এবং শামিম হোসেন রান তুলতে বেশ হিমশিম খান। হৃদয় ৯ রান করতে ১৪ বল খেলেন এবং শামিম ১৯ বলে ২১ রান করেন। শেষ পর্যন্ত লিটন ৪৬ বলে ৭৩ রান করে আউট হন। এরপর নুরুল হাসান সোহান ২২ রান (১১ বলে) এবং জাকের আলি ২০ রান (১৩ বলে) করে অপরাজিত থাকেন।
বৃষ্টি-বিঘ্নিত প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি খেলা।
ডিবিসি/এফএইচআর