বাংলাদেশ, জাতীয়

বৃষ্টি ভেজা সন্ধ্যায় স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৯:২৩:১২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর চিরচেনা ব্যস্ত কারওয়ান বাজার সিগন্যাল। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সিগন্যালে আটকা পড়ে আছে সারিবদ্ধ যানবাহন। সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেট কারের দিকে চোখ পড়তেই পথচারী ও আশপাশের চালকদের বিস্ময়ের সীমা নেই। ভিভিআইপি প্রটোকলের সেই গাড়ির চালকের আসনে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। আর পাশের সিটে বসে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয় থেকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন-২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তবে চিরাচরিত প্রথা ভেঙে এদিন কোনো পেশাদার চালক নয়, বরং নিজেই স্টিয়ারিং হাতে তুলে নেন সরকার প্রধান।


বাংলাদেশে সাধারণত প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তা ফাঁকা রাখার দীর্ঘদিনের চল থাকলেও, বর্তমান প্রধানমন্ত্রী সেই নিয়মে পরিবর্তন এনেছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভিভিআইপি মুভমেন্টের সময়ও এখন রাস্তা পুরোপুরি বন্ধ রাখা হয় না। আজকের এই বৃষ্টিস্নাত সন্ধ্যায় সাধারণ যানবাহনের মতোই জ্যামে আটকে থেকে প্রধানমন্ত্রীর গাড়ি চালানোর দৃশ্যটি সেই জনবান্ধব নীতিরই এক অনন্য প্রতিফলন।


পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলোতে রাষ্ট্রপ্রধানদের নিজেদের গাড়ি চালানোর ঘটনা মাঝেমাঝে দেখা গেলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত বিরল। বৃষ্টির সন্ধ্যায় কারওয়ান বাজারের সিগন্যালে দাঁড়িয়ে থাকা সেই সাদা গাড়িটি কেবল একজন রাষ্ট্রপ্রধানের যাতায়াত নয়, বরং জনসাধারণের সঙ্গে একীভূত হওয়ার এক শক্তিশালী বার্তাও দিচ্ছে।


সচিবালয় থেকে সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাত্রাপথে বৃষ্টির ঝাপটা আর যানজট মাড়িয়ে প্রধানমন্ত্রীর এই স্বয়ংচালিত যাত্রার ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা একে নতুন বাংলাদেশের প্রতীক হিসেবে দেখছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন