মুক্তিযুদ্ধের সংগঠক ও একাত্তরে বৃহত্তর যশোর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন (মনি) মারা গেছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মে যশোর শহরের রেলবাজার এলাকার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন আলী হোসেন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যশোরে ফিরিয়ে আনা হয়। তবে আবার অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাকে আবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, আলী হোসেন শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ের একজন সাক্ষী ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, আলী হোসেনের স্ত্রী ও একমাত্র ছেলে রাজেন আলী আগেই মারা গেছেন। তার একমাত্র মেয়ে, কানাডাপ্রবাসী ফারজানা আলী, দেশে এসে বাবার চিকিৎসার দেখভাল করছিলেন। সদর উপজেলার কাজীপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুর পর আলী হোসেনের মরদেহ নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আলী হোসেন ১৯৪৫ সালের ১৭ জানুয়ারি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যশোর মুসলিম একাডেমি থেকে এসএসসি, সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ডিবিসি/এইচএপি