যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হওয়ার যে খবর ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন তার এক উপদেষ্টা। তিনি নিশ্চিত করেছেন, আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই খবর প্রকাশ হয় যে, গত রবিবার (২ মার্চ) নিহত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তবে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার এক ঘনিষ্ঠ সহযোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই উপদেষ্টা নিশ্চিত করেছেন, সাবেক প্রেসিডেন্টের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি সম্পূর্ণ অক্ষত আছেন।
সূত্রটি আরও জানায়, আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সাথে সংশ্লিষ্ট একটি ভবনে চালানো হামলায় আইআরজিসি'র সদস্য ও তার তিন দেহরক্ষী নিহত হন। তবে হামলা হওয়া ওই ভবনটি থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত আহমাদিনেজাদের নিজ বাসভবনটি লক্ষ্যবস্তু করা হয়নি এবং সেটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মাহমুদ আহমাদিনেজাদ।
ডিবিসি/কেএলডি