রাজনীতি, জেলার সংবাদ

বেড়িবাঁধের গাছ কাটায় সদস্যপদ স্থগিত হওয়া কিশোরগঞ্জের সেই বিএনপি নেতা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সব পদ স্থগিত হওয়ার ঠিক এক দিন পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মিঠামইন উপজেলা সদরের কামালপুর বেড়িবাঁধের গাছ কাটার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বেড়িবাঁধের ১২টি মেহগনি গাছ চুরির অভিযোগে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক। ওই মামলায় আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়। 

 

এদিকে, গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবারই জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজ বাড়িতে গাড়ি চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত স্বার্থে কামালপুর বেড়িবাঁধের প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব পদ স্থগিত থাকবে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে কামালপুর এলাকায় এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছিল এবং সে সময় বাঁধ রক্ষায় গাছগুলো রোপণ করা হয়। সম্প্রতি জাহিদুল আলম জাহাঙ্গীর নিজের বাড়িতে গাড়ি যাতায়াতের সুবিধার জন্য গাছগুলো কেটে ফেললে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, যার পরিপ্রেক্ষিতেই প্রশাসন ও দলীয় পর্যায়ে এই আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন