জাতীয়

বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতিসহ একাধিক মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি জানান, ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে প্রত্যর্পণের কাজ চলমান রয়েছে। এই ঘটনাকে তিনি বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন।


সংবাদ সম্মেলনে দেশের সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুর সীমান্তে ১৩১ জন নাগরিককে পুশইন করার চেষ্টা করেছিল, যা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে। পাশাপাশি, একই সময়ে মিয়ানমার সীমান্ত দিয়ে ৮৯ জনের অনুপ্রবেশের চেষ্টাও রুখে দেওয়া হয়েছে এবং ২১ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সফলভাবে সম্পন্ন হয়েছে।


গত ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের বিষয়টিও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পুশইন ও সীমান্ত হত্যার বিষয়ে দৃঢ় ও জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। এর পাশাপাশি সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, সমন্বিত টহল জোরদার এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন