বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর এন্টওয়ার্পের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বুধবার (১ জুলাই) স্থানীয় পুলিশের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ১০ তলা বিশিষ্ট ওই ভবনে দুই শতাধিক মানুষের বসবাস ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টা ৫৩ মিনিটে এন্টওয়ার্পের লিঙ্কারোভার এলাকার ওই ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পরপরই পুরো ভবনটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র কিম বাস্তিয়ানস সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে হতাহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা তারা জানাতে পারছেন না, কারণ তাদের অগ্রাধিকার এখন অন্যদিকে। তারা মূলত এখন আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক দল, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ করছেন।
সূত্র: জেরুজালেম পোস্ট
ডিবিসি/পিআরএএন