বেলজিয়ামে একটি পুরোনো ভবন সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে প্রায় ৯০ লাখ ইউরো মূল্যের বিপুল পরিমাণ স্বর্ণের বার ও কয়েন উদ্ধার করা হয়েছে। দেশটির ইস্ট ফ্ল্যান্ডার্সের ডেনডারমন্ডে শহরের একটি ভবনের ভূগর্ভস্থ সেলারে পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর জন্য ড্রিলিং করার সময় নির্মাণ শ্রমিকরা হঠাৎ এই গুপ্তধনের সন্ধান পান।
সংস্কারকাজে যুক্ত থাকা ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী কর্মী জানান, কাজ করার সময় প্রথমে তারা ভেবেছিলেন এগুলো সাধারণ এক ইউরোর কয়েন। কিন্তু এর পরপরই সোনার বার ও চকচকে খণ্ড দেখে তাদের ভুল ভাঙে এবং তারা হতবাক হয়ে পড়েন। এত বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ নিজেদের কাছে লুকিয়ে রাখা অসম্ভব এবং নীতিগতভাবে অন্যায় বিবেচনা করে সাইট ম্যানেজার দ্রুত স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ এসে সম্পূর্ণ স্বর্ণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। যে ভবনটিতে এই স্বর্ণ পাওয়া গেছে, সেটি বর্তমানে ‘সিএডব্লিউ ওস্ট-ভ্লান্ডারেন’ নামের একটি স্থানীয় দাতব্য সংস্থার মালিকানাধীন। সংস্থাটির কর্তৃপক্ষ এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, তারা আশা করছে এই সম্পদ তাদের জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।
বেলজিয়ামের আইন অনুযায়ী, উদ্ধারকৃত এই স্বর্ণের প্রকৃত মালিকের সন্ধান পেতে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করা হবে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে আগামী পাঁচ বছরের মধ্যে যদি কোনো বৈধ মালিকের খোঁজ না মেলে এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ না হয়, তাহলে দেশের দেওয়ানি আইন অনুসারে এই গুপ্তধনের সমান অংশীদার হবেন ভবনের মালিকপক্ষ (দাতব্য সংস্থা) এবং এটি আবিষ্কারকারী নির্মাণ শ্রমিকরা।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন